আলমডাঙ্গা অফিস:
রাতে বন্ধুর নিকট পাওনা টাকা আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি আলমডাঙ্গার শহরতলির বাদেমাজু গ্রামের তরুণ আরাফাত হোসেন (১৮)। বাড়ি থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পর তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। অপহৃত তরুণের বাবা-মা-ভাইসহ পরিবারে চলছে আতঙ্ক আশঙ্কা আর কান্নার মাতম।
অপহৃতের পরিবার ও দায়েরকৃত জিডি মারফত জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার অনতিদূরে বাদেমাজু গ্রামের বকুল হোসেনের কলেজপড়ুয়া ছেলে আরাফাত হোসেন। গত শুক্রবার রাত সোয়া নয়টায় আরাফাতের নিকট ফোন করে অজ্ঞাত কেউ। তিনি আরাফাতকে পাওনা টাকা নিতে আলমডাঙ্গা সাদা ব্রীজে ডাকেন। আরাফাত তার বড় ভাইকে সাথে নিতে চাইলে অজ্ঞাত ব্যক্তি একা যেতে বলেন। রাত সাড়ে নয়টার দিকে আরাফাত মোটরসাইকেল নিয়ে বের হন। রোডের ভেতর একই গ্রামের আরেক তরুণ সাইফুলের সাথে দেখা হয় তার। সাইফুল তার সাথে যেতে চাইলেও আরাফাত সাথে নেননি। বলেছিলেন দ্রুত চলে আসবেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি আরাফাত। রাত ১১ টার দিক থেকে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ হয়ে যায়।
ফোন বন্ধের পর থেকে পরিবারের লোকজনের উপর অজানা আতঙ্ক ভর করে। তারা খুঁজতে বের হন। কোথাও খোঁজ পাননি। সারা রাতেও বাড়ি ফেরেন নি। সকালে উঠে তারা ঘটনাটি পুলিশকে অবহিত করেন। রাতে জিডি দায়ের করেছেন অপহৃত আরাফাতের বাবা।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্বক চেস্টা করছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।