নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা এলাকায় ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গার কুলপালা ও গোপীনগর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার রড ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আলমডাঙ্গার কুলপালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদ আলী (৩৫) ও গোপীনগর গ্রামের বজলুর রহমানের ছেলে মিলন হোসেন (৩৪)।
পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালার ভাদরিয়া পুল এলাকায় ডাকাতির কবলে পড়েন মেহেরপুর গাংনীর তেতুলবাড়ী গ্রামের দুই ট্রলি চালক সোহেল রানা ও জাহিদুল ইসলাম। তারা ঝিনাইদহের আমতলা বাজারে বাঁশের শলী বিক্রি করে ফিরছিলেন। এসময় ৮-১০ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল পানবরজের বেঞ্চ ও বাঁশের শলীর আটি ফেলে গতিরোধ করে সোহেল রানার কাছ থেকে শলী বিক্রয়ের নগদ ৪২ হাজার টাকা এবং জাহিদুল ইসলামের কাছ থেকে সাড়ে ৬০ হাজার টাকা এবং ১টি রিয়েলমি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ১ মার্চ আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়।
মামলার পর ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান নামে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এ অভিযানে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জাহিদ আলী ও মিলন হোসেনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি লোহার রড ও ১টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। আসামীরা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রনোদিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।