নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে পন্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের এলাকা বিভিন্ন স্থান (নিচের বাজার, বড় বাজার, টাউন ফুটবল মাঠ ও কলেজ রোড) এলাকায় অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে সেমাই তৈরি কারখানা, পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করায় মেসার্স খান ফ্লাওয়ার মিলস-এর আবুল কালাম আজাদকে ১৫ হাজার টাকা, ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে মেসার্স গৌতম স্টোরের মালিক গৌতমকে এক হাজার টাকা, হাসিবের ফলের দোকানকে এক হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে তেল বিক্রয় করার অপরাধে মেসার্স সেলিম স্টোরের মালিক চঞ্চল হোসেনকে ১০ হাজার টাকা এবং পণ্যের যথাযথভাবে তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রয়ের কারণে স্বপ্ন বাজারের মালিক রশিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বিভিন্ন অনিয়মের অভিযােগে চুয়াডাঙ্গা শহরের ৫টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, রফিকুল ইসলাম, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।