দর্শনা অফিস:
দর্শনায় ৫০ পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম (৪০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর ২ মাদক সেবনকারীর জেল জরিমানা করা হয়েছে। গ্রেফতারকৃত শিল্পী বেগম (৪০) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম রসুলের মেয়ে।
পুলিশ জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও দর্শনা থানার অফিসার্স ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে গতকাল শুক্রবার দর্শনা পৌর এলাকা থেকে রিপন হোসেন (৩০) ও মালেককে (৪৫) অবৈধ মাদকদ্রব্য সেবনকালে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরচন্দ্রপুর থেকে শিল্পী বেগম (৪০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের মৃত আবু জাফরের ছেলে রিপন হোসেন (৩০) কে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন এবং পৌর এলাকার শান্তিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
মালেক (৪৫) কে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান।
অন্যদিকে, গ্রেফতারকৃত আসামী শিল্পী বেগম (৪০) এর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।