দামুড়হুদা অফিস:
বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়ন মূলক সংস্থা ব্র্যাকের আয়োজনে দামুড়হুদা উপজেলার ক্ষতিগ্রস্ত ১’শ ১৮ জন কৃষক-কৃষাণী পরিবারের মধ্যে শস্য নিরাপত্তা বিমা অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দামুড়হুদা ব্র্যাক অফিস কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপজেলায় বোর চাষের জন্য কৃষি বীমা করে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ওই বীমা অর্থের চেক তুলে দেন ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন, দামুড়হুদা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। জানা গেছে, দামুড়হুদা উপজেলার ১১৮ জন কৃষক প্রতি শতক জমিতে ১৪ টাকা ৫০ পয়সা হিসেবে ব্র্যাকের কৃষি বীমা করেছিলেন। অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়ায় এসকল কৃষক বীমা দাবী হিসেবে প্রতি শতক জমিতে ৪৭ টাকা ৫০ পয়সা হিসেবে ক্ষতি পূরণ অর্থের চেক প্রদান করেছেন ব্র্যাক। ফিল কো-অর্ডিনেটর কৃষিবিদ শামিমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স) ব্র্যাক হেড অফিসের মাসুম বিল্লাল, চুয়াডাঙ্গা ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা আনিসুর রহমান, এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নিজাম উদ্দিন, ব্রাক জেলা প্রতিনিধ মানিক ম্যাত্রিলিয়ন ও দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি শামসুজ্জোহা পলাশ।