আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ডম্বলপুরে গরুভর্তি ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার কৌদাইলকাটি গ্রামের বাসিন্দা আলফাজ উদ্দীন (৫৫)।
স্থানীয়রা জানান, আলমসাধু চালক আলফাজ উদ্দীন সোমবার বিকেলে গাংনী থেকে আলমসাধু ভর্তি সবজি নিয়ে পাটিকাবাড়ি বাজারে যান। বাড়ি ফেরার পথে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা গরুভর্তি ট্রাকের সাথে তার আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলফাজ উদ্দিন গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হারদি স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান। এর আগে স্থানীয় জনতা ওই ট্রাক অবরুদ্ধ করতে গেলে চালক ও ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ওই ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে সকালে হাসপাতাল থেকে পুলিশ মরদেহের সুরতহাল রির্পোট সংগ্রহ করেছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকেও একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবে।