জীবননগর অফিস:
ভারতে পাচারকালে জীবননগর এলাকা থেকে দুই বাংলাদেশি নাবালিকা নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি) সদস্যরা। এ সময় শরিফুল ইসলাম (৪৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাড়ে তিনটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রাম থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়। আটককৃত, পাচারকারী প্বার্শবর্তী মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেঁপুলবাড়িয়ার গ্রামের মলুক চাঁদ মন্ডলের ছেলে ও উদ্ধার হওয়া দুই নাবালিকা নারীর বাড়ি ঢাকা জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারে যাদবপুর গ্রামের মধ্যে ভারতে পাচার হতে যাওয়া দুই জন নাবালিকা নারী (ধুর) একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। উক্ত সংবাদের সাথে সাথে বেনীপুর ও কুসুমপুর বিওপি’র দুটি দহল দল সেখানে উপস্থিত হয়ে নাবালিকা মেয়ে দুটিকে উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানায় যায়, পাচার হওয়ার সময় তারা চিৎকার করলে পাচারকারীরা তাদের রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল জানতে পারে যে, স্থানীয় জনসাধারন শরিফুল নামক একজন পাচারকারী দলের দালালকে আটক করে মারধর করছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বেনীপুর বিওপির টহল দল তাকে উদ্ধার করে বিজিবি’র হেফাজতে নেয়। আটককৃত ধুর দালাল মোঃ শরিফুল ইসলাম কে উক্ত নাবালিকা ধুরগন সনাক্ত করে এবং গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, পাচারকারী দলের প্রধান হোতা হচ্ছে সাত্তার নামক যাদবপুর গ্রামের বাসিন্দা। বিজিবি আরও জানায়, আটককৃত ও পলাতক সাত্তারের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ও উদ্ধার হওয়া তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।