দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টার কৃষি সম্প্রারণ অধিদপ্তর দামুড়হুদা কার্যালয়ের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের চিৎলা গ্রামের হরিতলা মাঠে উন্নত জাত বারি রসুন-২ মসলার বিষয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এসময় তিনি বলেন, রসুন একটি ঔষধী গুণসম্পন্ন উচ্চমূল্যের মসলা ও জাতীয় ফসল। আমরা আমাদের দেশে যে দেশীয় রসুন উৎপাদন করি সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বহু গুণগতমান সম্পন্ন। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুহার অনেক কম ছিল। এর কারণ হলো আমাদের মাটিতে উৎপাদিত যে ফসল এবং মসলা জাতীয় ফসল ফলায় তা বিশ্বের অন্যান্য দেশের ফসলের তুলনায় অনেক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন। যে কারণে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিজেন বেশি থাকার কারণে মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছ। তিনি আরও বলেন, প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে ডলার খরচ করে রসুন আমদানি করতে হয় যেটা আমাদের জন্য অনেকটাই ব্যায় বহুল হয়ে দাঁড়ায়। এ থেকে বেরিয়ে আসতে হবেন। আমাদের বাংলার মাটিতে বহুগুণ উর্বরশক্তি রয়েছে, ফলে কৃষক ভাইয়েরা যে কোন ফসল যত্ন সহকারে চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি ও লাভবান হবেন। সরকার মশলা চাষের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামীতে যারা রসুন উৎপাদন করবেন সেই সমস্ত কৃষক ভাইয়ের সর্বোচ্চ কৃষি বিভাগ জ্ঞান ও কারিগরি প্রযুক্তিসহ সমস্ত প্রকারের সহায়তা নিয়ে পাশে থাকবেন বলে আশাব্যাক্ত করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌহরাব হোসেনের
সঞ্চালনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জালাল উদ্দীন, মকুল হোসেন উপস্থিত ছিলেন।