নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করে নেয়া স্বর্ণের গহনা। গতকাল সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশের সদস্যরা। তবে গতকাল এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। আজ থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আটককৃতরা হলেন, উপজেলার বেদেপোতা ওসমানপুর গ্রামের আব্দুস সালাম, হরিশ্চন্দ্রপুর গ্রামের মওলা ও সারাবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিন বোদিসহ চারজন।
জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবর রহমানের ছেলে সাগর। এসময় হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে পৌঁছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন তারা। তখন সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়। পরে ধস্তাধস্তির সময় চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে যায়। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাগরের চাচা জাহাঙ্গীর বলেন, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা। সাগরের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, তার হাতের এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল জোরজবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার। বিস্তারিত পরে জানানো হবে।