হরিণাকুণ্ডু প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণবাহিনীর সংশ্লিষ্টতার নাম এসেছে। এ ঘটনায় জাসদ এক বিবৃতিতে জানিয়েছে বলেছে জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই। গত শনিবার রাতে দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়। অসিত সিংহ নিজেও তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে বিবৃতিটি পোস্ট করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শৈলকুপায় (ঝিনাইদহে) তিনজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কালু নামে জনৈক ব্যক্তি ‘জাসদ গণবাহিনী’র নামে দায় শিকার করে অন্য এক দলের অনেকের নাম উল্লেখ করে শাসিয়েছে। পত্রপত্রিকা ও হোয়াটস্অ্যাপে তাদের এই বার্তা প্রকাশিত হয়েছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, জাসদের গণবাহিনী ১৯৭৬ সনে বিলুপ্ত করা হয়েছে এবং জাসদ (বাংলাদেশ জাসদ) গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রাম ও রাজনীতি করে, দীর্ঘকাল কোথাও কোন সশস্ত্র তৎপরতার সংগে আমরা সম্পৃক্ত নই। জাসদ ঘরানার অন্য কারো বাহিনী আছে বলে আমাদের জানা নাই। বর্তমানে কুষ্টিয়া-ঝিনেদাহ অঞ্চলে সক্রিয় বাহিনী সমুহের কোন একটি হয়তো স্বীয় প্রভাব বৃদ্ধির সুবিধার্থে জাসদের নাম ব্যবহার করেছে। আমরা ক্ষমতাসীন কর্তৃপক্ষের কাছে সমাজে ভয়ভীতি সৃষ্টিকারী এসকল খুনীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।
জাসদের কেন্দ্রীয় কমিটির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ঝিনাইদহে তিনজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি মিডিয়ায় জাসদ গণবাহিনী নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরির সম্ভাবনা আছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদ গণবাহিনী নামে জাসদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন নেই। জাসদ রাজনৈতিক, আদর্শিক, সাংগঠনিকভাবে কোনো ধরনের চরমপন্থা, চরমপন্থী কোনো সংগঠন, সশস্ত্র তৎপরতা, সশস্ত্র সংগঠনকে অনুমোদন করে না, সমর্থন দেয় না। জাসদের বিবৃতিতে কোনো ধরনের চরমপন্থী বা সশস্ত্র সংগঠনের সঙ্গে জাসদের নাম যুক্ত না করে মিডিয়া এবং সাংবাদিকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।