নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের মাধ্যমে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে। আহত সাগর একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন সাগর। হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে পৌঁছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন তারা। এসময় সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়। পরে ধস্তাধস্তির সময় চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে যায়। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাগরের চাচা জাহাঙ্গীর বলেন, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা। সাগরের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, তার হাতের এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল জোরজবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম হাতের ঘাড়ের নিচেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে ৬টি সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি শঙ্কামুক্ত।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে সাগর আহত হয়েছেন। তবে তাদের থেকে কিছুই নিতে পারেনি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।