নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা পৌর এলাকার ওয়ার্ড কৃষকদল সভাপতিকে মারপিট ও ছুরিকাঘাতের জেরে আওয়ামী লীগের দাপুটে নেতা তবাকে পিটিয়ে রক্তাক্ত জখম ও তার বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা যায়, গত শনিবার আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আশরাফুল হক আশাকে কুপিয়ে জখম করে আওয়ামী সমর্থকরা। এতে তিনি গুরুতর আহত হন। তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ইশারায় হামলা হয়েছে বলে অভিযোগ উঠে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনার জের ধরে গতকাল বিক্ষুব্ধ গ্রামবাসী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তবা, পিন্টু, শাহিন, বাপ্পীসহ বেশ কয়েক ব্যক্তির বাড়ি ভাংচুর করে। তবাকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের সময় এক একটা আতংকের নাম ছিল বলে এলাকাবাসীরা দাবি করেছেন।
গ্রামবাসীসূত্রে জানা যায়, ২০০৯ সালের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতা তবা কৃষকদল নেতা আশরাফুল হক আশাকে দিনের বেলায় বেদম পিটিয়ে মারাত্মক আহত করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে আশরাফুল হক বিদেশে চলে যান। দীর্ঘ বছর বিদেশে ছিলেন। গত বছর তিনি দেশে ফিরে আসেন। হাসিনা সরকারের পতনের পর গতকাল আশরাফুল হক আশাকে আবারও কোপানো হয়। এতে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ নেতাদের হাত রয়েছে অভিযোগ তুলে গ্রামবাসী এক সময়ের আতংক তবা,বাপ্পি, পিন্টু ও আলিমের বাড়ি ভাংচুর করে। কাউকে বাড়িতে না পেলেও তবাকে পেয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।