নিজস্ব প্রতিবেদক:
যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, শিশুদের ছড়া, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠান, চিত্রাঙ্কন, ভাষার গান প্রতিযোগিতা, শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল নানা আয়োজন।
রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সিভিল ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে প্রভাতফেরী হয়নি। নিজ নিজ উদ্যোগে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে অনেকেই সকালে প্রভাতফেরি সহকারে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। বাদ যোহর জেলার সব মসজিদ ও ধমীর্য় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
জেলা প্রশাসনের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ:
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির পরিচানলায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই দিনটা একদিকে বেদনাবিধূর। আর একদিকে আমাদের শক্তি ও সাহস এগিয়ে চলার পথ প্রদর্শক। বাঙালী জাতির যা কিছু তার সবই রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সেই রক্তকেই আমরা ভুলতে বসেছি। আমাদের ভুলে গেলে চলবে না।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবিস উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন, শিশু একাডেমি, এবং জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ:
মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা শেষে কলেজের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।