তানজীর ফয়সাল, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা সদরের বদনপুর গ্রামের মাসুদ হাসান রঞ্জু (২৬) নামের এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ নিয়ে রহস্যের দানা বেঁধেছে। সে বদনপুর মাঝপাড়া গ্রামের আজিজুল মীরের প্রথম স্ত্রী’র দ্বিতীয় সন্তান ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল ৯টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাঠে নিজ ভুট্টা ক্ষেতে পানি দিতে যায়। সকালের খাবার না খাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে বেলা ১১ টার তার জন্য সকালের খাবার দিয়ে যায়। সে সময় রঞ্জু তার জমিতেই কাজ কাজ করেছিলেন। পরবর্তীতে দুপুর দুইটা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও যখন রঞ্জু বাড়ি না আসেন তখন তার পিতা স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাঠে খুঁজতে যান। খোঁজখুজির একপর্যায়ে ভুট্টা ক্ষেতের মধ্যে কিছু দুর গেলেই তার পিতা তাকে প্রথম পরে থাকতে দেখেন। ঘটনার বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনা স্থানে পৌঁছান দামুড়হুদা মডেল থানা পুলিশ।
আরও জানা গেছে, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বদনপুর গ্রামের আজিজুল মীরের প্রথম স্ত্রীর দুইটি ছেলের মধ্যে ছোট মাসুদ হাসান রঞ্জু। অনেক আগেই আজিজুলের প্রথম স্ত্রী ও তার বড় ছেলে মারা যায়। ফলে রঞ্জুই ছিলেন প্রথম পক্ষের একমাত্র সন্তান। মাষ্টার্স শেষ করার পরেও চাকরি নামের সোনার হরিণ তার কপালে না জোটায় সে তার পিতার জমিতে কৃষি কাজ করতেন। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গতকাল রবিবার সকালে সে তার নিজ জমির ভুট্টায় পানি নিতে মাঠে যান। নিহত যুবকের মা ও বড় ভাই মারা যাবার পর সে তার পিতার দ্বিতীয় স্ত্রীর সংসারে থাকতেন। তার পিতার দ্বিতীয় স্ত্রীর পক্ষে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান। নিহত যুবক গত ৭/৮ মাস পূর্বে উপজেলার রঘুনাথপুর গ্রামে বিবাহ করেছিলেন বলেও জানা গেছে।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে রাত পৌঁনে ১২ টায় দামুড়হুদা মডেল থানায় নেয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে একটি ভুট্টা ক্ষেতে যুবক রঞ্জুর লাশ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।