দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা কেরু এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সার্চ অভিযানে এবার একই সাথে ৪টি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে পুরো কেরু এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ এই সার্চ অভিযান পরিচালনা করা হয়। তবে কেরুর বিশাল এ এলাকায় অভিযান চালিয়ে অবশেষে কেরুজ চিনিকলের শ্রমিক নেতা সাধারণ সম্পাদক পদ প্রার্থী জয়নাল আবেদিন নাফর সংগঠনের অফিসের পিছনে দেওয়ালের পাশে রাখা ৪ টি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানান, রোববার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নেতৃত্বে জেলার অতিরিক্ত পুলিশ দর্শনা থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে এই ককটেল বোমা উদ্ধার করা হয়। এর আগের দুই দিন কেরু এলাকায় পরপর দুটি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেই শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেন। এদিকে গত তিন দিনের ব্যবধানে কেরুজ ক্লাব সংলগ্ন এলাকা থেকে এ নিয়ে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দর্শনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা হতে পারে এমন সন্দেহ হওয়ায় দ্রুত দর্শনা থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পে খবর দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে র্যাব-৫ এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। শনিবার সকালে কেরু কোম্পানির একই স্থানে ১০০ মিটার দূরেই একটি বোম পাওয়া যায়। রাত ৮ টার দিকে রাজশাহী থেকে র্যাব-৫-এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। পরে রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নেতৃত্বে দর্শনা থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কেরু বাউন্ডারি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে দুপুর ২ টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে শ্রমিকও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদিন নফর এর অফিসের পিছন থেকে ৪ টি লাল টেপ মোড়ানো শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। বোম্ব ডিসপোজাল ইউনিট আসা পর্যন্ত ঘটনাস্থল পুলিশ সদস্যরা ঘিরে রাখেন। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ৩ দিনে ৬ টি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার হয়েছে। রাজশাহী র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা আসার পর এই বোম্ব গুলো নিষ্ক্রিয় করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুব শীগ্রই আইনের আওতায় আনা হবে।