নিজস্ব প্রতিবেদক:
দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ০৮ দল নিয়ে ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। গতকাল শনিবার রাতে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ও আব্দুল কাদের সুপার কিংস মুখোমুখি হয় এবং নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে খেলা শেষ হয়। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ৪-২ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এসময় তিনি বলেন, ক্ষয়ে যাওয়া তরুন প্রজন্মকে লেখাপড়া ও খেলাধূলায় মনোযোগী করে তুলতে হবে। স্বৈরাচারের রোষাণলে পড়ে তরুন সমাজ মাদকের ভয়াল জগতে ঢুকে পড়েছিল। কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপির দু‘জন অভিভাবক মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান শরীফ এর তত্ত্বাবধানে জেলা ছাত্রদল গোটা জেলায় তরুনদের ইতিবাচক জাগরণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান মিশা, আলতাফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।