আকাশ খবর ডেস্কঃ
অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে চলার পর সিরিয়ায় আগামী ১ মার্চ নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সংযুক্ত আরব আমিরাতে বুধবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ফাঁকে আল-শাইবানি বলেন, ‘১ মার্চ যে সরকার গঠিত হবে, তা যতটা সম্ভব সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করবে এবং দেশের বৈচিত্র্যকে গুরুত্ব দেবে।’
বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখলকারী ইসলামপন্থী বিদ্রোহীরা মোহাম্মদ আল-বাশিরের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, যা ১ মার্চ পর্যন্ত দেশটির শাসনভার পরিচালনা করবে।
বিদ্রোহ অভিযানের নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা গত মাসে আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অন্তর্বর্তী আইনসভা গঠনের। কারণ আসাদ যুগের সংসদ ও দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাথ পার্টি ইতিমধ্যে বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া এইচটিএস ও অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে, তাদের যোদ্ধাদের দেশটির ভবিষ্যৎ জাতীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
এই মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে শারা জানান, দেশে নির্বাচন আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন প্রশাসন জাতীয় সংলাপ আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।
সূত্র : এএফপি