দামুড়হুদা অফিস:
দামুড়হুদা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টার সময় দামুড়হুদা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।
আধুনিক প্রযুক্তি নির্ভর, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আশাব্যক্ত করে তিনি জানান, বর্তমানে একমাত্র প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পাথেয়। বিগত দিনগুলোতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগে যথেষ্ট স্বচ্ছতার অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, যেখানে দক্ষতা, সততা ও মেধার কোন মূল্যায়ন ছিল না। আমি মনে করি ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সততা, দক্ষতা ও মেধার মূল্যায়ন করা হয়েছে। এমনটা হওয়া উচিত, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন শিক্ষকের কাছ থেকে উপযুক্ত শিক্ষাটাই গ্রহণ করতে পারবেন। পাশাপাশি আমাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি যার যার ধর্মীয় শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কোন স্থিতিশীলতা নেই, অস্থিরতা বিরাজ করছে, কাজেই এখান থেকেও সকলকেই বেরিয়ে আসার আহবান জানান তিনি।
ব্রাক চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, ব্রাক আঞ্চলিক অফিস চুয়াডাঙ্গার হিসাব ব্যবস্থাপক আবু হাসান, ব্রাক জেন্ডার, জাষ্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক নাহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষিকা মারুফা খাতুন, আসমা খাতুন, সহকারি শিক্ষক ওমর ফারুক, ছাবাউদ্দিন, শাহ জামাল, মখলেসুর রহমান, রকিবুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা পূর্বে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহারের উপস্থাপনায় মাল্টিমিডিয়া ফাংশনের মাধ্যমে পর্দায় কিভাবে বিদ্যালয়ের লেখাপড়া শেখানো হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। বিদ্যালয়টির সকল শ্রেণীকক্ষ সহ সার্বিক পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।