সরোজগঞ্জ প্রতিবেদক:
মাত্র ৫ হাজার টাকা জমা দিলেই সহজ শর্তে ঋণ পাবেন এক লক্ষ টাকা আর সেই ঋণ পরিশোধ করতে পারবেন দুই বছরে। এমন নানা স্কিমের প্রলোভন দেখিয়ে কয়েক শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ শাখার মানবিক সাহায্য সংস্থা মহিলা ঋণদান প্রকল্প নামে ভুয়া একটি বেসরকারি (এনজিও)। গতকাল সোমবার ঋণ দেওয়ার কথা থাকলেও শনিবার দুপুরের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন, সংস্থার ম্যানেজার হুসাইন, সিনিয়র মাঠ কর্মী সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারী এই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়। অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিরা আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়রা জানান, মাত্র কয়েক দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বেসরকারি সংস্থার পরিচয়ে কার্যক্রম শুরু করে। ওই প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকলেও সেটি কোন প্রতিষ্ঠান থেকে নেয়া সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ৫৫০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ করেন। তাদের প্রলোভনে পড়ে অনেকেই টাকা জমা দেন। গত কয়েক দিন ধরে নবীন নগর, বোয়ালিয়া, যাদুবপুর, সাহাপুর, হাসনহাটী সহ সরোজগঞ্জ বাজারে বিভিন্ন আাশপাশ স্থানে সমিতি গঠন করে ঋণ প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গতকাল সোমবার তাদের ঋণ দেবার কথা থাকলেও তার দুদিন আগে শনিবার দুপুরেই অফিস ফেলে পালিয়ে যায় তারা। এমনকি তার তাদের ব্যবহৃত ০১৯৯৭-৯০৫৭১৪,০১৭২৮-৭৩৭৭১১ নাম্বারটি বন্ধ করে ফেলেন। ঋণ পাবার আশায় অনেকেই ধার দেনা করেও টাকা দিয়েছেন তাদের কাছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা যাদবপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী রুপালি খাতুন জানান, আমার কাছ থেকে ৮ হাজার ৫৫০ টাকা নিয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋন দেবে বলে। শুধু তাই নয় যাদবপুর গ্রাম থেকে ২০ জন ও হাসনহাটি, ভুলটিয়া নবীননগর সহ বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০ লক্ষাধীক টাকার ও বেশি গ্রাহকের কাছ থেকে নিয়ে উধাও হয়েছে তারা।