বিনোদন ডেস্ক:
গেল মাসে নিজ বাড়িতে এক আততায়ীর ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন সাইফ আলী খান। যে খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশজুড়ে। বিনোদুনিয়া তো বটেই, সরগরম হয় রাজনৈতিক মহলও। যদিও অস্ত্রোপচার শেষে সপ্তাহ দুয়েক আগেই বান্দ্রার বাড়ি ‘সদগুরু শরণে’ ফিরেছেন নবাব।
এরই মধ্যে আজ রবিবার বিকেলে ফের লীলাবতী হাসপাতালে ছুটতে হলো অভিনেতাকে। এদিন কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে দেখা গেল সাইফকে। পরনে সাদা টি-শার্ট। চোখে রোদচশমা। ব্যাকব্রাশ করা চুল।
হামলার ঘটনার পর থেকেই সাইফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার ঝলক আরো একবার দেখা গেল রবিবার। পাপারাজ্জিদের দেখে কোনো রকম কথাবার্তা বা অভিবাদন নয়, বরং এড়িয়েই গেলেন নবাব। তবে এদিনও সাইফের সঙ্গে দেখা যায়নি তার স্ত্রী কারিনা কাপুরকে!
অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন যে বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ নেওয়া যাবে না। ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে। নবাবের খেয়াল রাখতে গোটা ‘সদগুরু শরণে’র বারান্দা আলোয় মুড়ে দিয়েছেন কারিনা কাপুর খান।
এদিকে রবিবার সাইফকে লীলাবতীর হাসপাতালে দেখে আবারও অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে জিজ্ঞেস করেছেন, সব ‘ঠিক আছে তো?’ জানা গেছে, এদিন রুটিন চেকআপের জন্যই হাসাপাতালে যেতে হয়েছে অভিনেতাকে।
গত ১৬ জানুয়ারি, ভোররাতে নিজের বাসভবনেই আততায়ীর ছুরিকাঘাতে গুরুতম আহত হন সাইফ আলী খান। দিন পাঁচেক হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফেরেন ‘নবাব’। সেলেব্রিটিদের অন্দরমহলে এমন মারাত্মক কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়েও মুম্বাই প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। তবে বলিউড অভিনতা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সেই ইস্যু নিয়ে জলঘোলা অব্যাহত! সাইফের ওপর আততায়ীর হামলার ঘটনা এখনো ‘টক অব দ্য টাউন’। প্রায় এক মাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা!