নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ’র আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ইজাজ রাজা, তানবীর আজিজ, সহিদুল ইসলাম, আনজেরা খাতুন, নাঈম রহমান, মারুফ ইমতিয়াজ মাহির ও আব্দুর রশিদের পরিবারে মনোনীতদের হাতে ৫লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেয়া হয়।
বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জাহাঙ্গীর আলম বলেন, যে কেউ সড়ক দুর্ঘটনায় হতাহত হলে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করে সরকার। এজন্য সড়ক দুর্ঘটনার এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে একটি আবেদন করতে হবে ভুক্তভোগী পরিবারকে। সেই আবেদন যাচাই বাছাই শেষে ২০ দিনের মধ্যেই সরকারিভাবে চেক হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় নিহত হলে সেই পরিবারকে ৫ লাখ টাকা ও অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ কর্তৃপক্ষ ২০২২ সাল থেকে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনকারীদের মধ্যে মৃত্যুবরণকারী সাত জনের পরিবারকে এ অর্থ প্রদান করা হলো।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম মঈন উদ্দিন মুক্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।