দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় যাকাত ফান্ডের উদ্যোগে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় দর্শনা পুরাতন বাজারস্থ ইসলামী গণউন্নয়ন পাঠাগারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জন অতিদরিদ্র ও বিধবা মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই ৭ জন অতি দরিদ্র মহিলাকে আত্মকর্মসংস্থানের জন্য তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন যাকাত ফান্ডের সভাপতি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন, যাকাত ফান্ডের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আলমগীর আরাফাত, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, গোলজার হোসেন, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। সংগঠনের সেক্রেটারী আলমগীর আরাফাত জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে যাকাত ফান্ডের পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক অতি দরিদ্র নারী ও পুরুষকে যাকাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে যাকাতের টাকায় শাড়ী লুঙ্গি কিনে দেবার সংস্কৃতির পরিবর্তে যাকাতের প্রকৃত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের এই উদ্যোগ আরো বড় পরিসরে করতে চাই। যার ফলে প্রতি বছর লাইনে শত শত মানুষের হাতে শাড়ী লুঙ্গী না দিয়ে, যেন কয়েকজন মানুষকে তার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। এতে করে সেই মানুষটি যেমন পরের পরের বছর কারো কাছে যাকাতের শাড়ী-লুঙ্গীর জন্য হাত না পাতে বরং তার পরিবারের জন্য সে নিজেই যেন অর্থ উপার্জনকারী হিসাবে নতুন পরিচয়ে স্বাধীন ভাবে বাঁচতে পারে। কারো কাছে হাত পেতে না নিজেন উপার্জনের টাকায় তার সংসার চলবে।