দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা পরিষদের প্রধান সড়কের সামনে নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডারের বিরুদ্ধে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাঈম হাসানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডারের হাউলি মোড় নামক স্থানের পৃথক দুটি গোডাউনে গিয়ে অবৈধ ও অনুমোদন বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধের সত্যতা মেলে। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন। জানা গেছে, আইনবহির্ভূত ভাবে নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডার হাউলি মোড়ের দুটি গোডাউনে অবৈধভাবে অনুমোদন বিহীন সার বিক্রি ও মজুদ রেখে বেশি দাম হাতিয়ে নিয়ে আসছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে অসাধু উপায় অবলম্বন করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। এ কারনে গতকাল সকালে তিনি তার গোডাউন থেকে অবৈধভাবে ব্যাটারি চালিত দুইটি ভ্যান যোগে ৫৫ বস্তা সার অন্যত্র পাচার করছিলেন। সার পাচার করাকালীন সময়ে স্থানীয়রা সার ভর্তি যানবাহন দুটি হাতে-নাতে আটক করেন এবং বহনকারী যানবাহন চালকদ্বয়ের কাছে স্থানীয়রা সার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে কোন উত্তর না দিতে পারায় সন্দেহ হলে আটককৃত জনতা অবৈধভাবে সার পাচারের ঘটনা থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সার ভর্তি যানবাহন থানা পুলিশের হেফাজতে নেন। এমন ঘটনার সংবাদ দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে স্থানীয়রা অবহিত করলে কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলকে অবহিত করেন। তিনি সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানকে অবগত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডারের গোডাউন দুটি পরিদর্শনে যান। এসময় উল্লেখিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে “সার ব্যবস্থাপনা আইন,২০০৬ – এর ৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ তার দুটি গোডাউনে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১ হাজার বস্তা সার জব্দ সহ সরকারি মূল্যে প্রকৃতি কৃষকদের মধ্যে বিক্রির নির্দেশনা প্রদান করেন। অভিযান পরিচালনা কালে উপস্থিত সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানায় পুলিশের একটি টিম। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মেহেদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জালাল উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় কৃষক। ভ্রাম্যমাণ আদলতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির দুইটি গোডাউনে অবৈধভাবে মজুদকৃত সার উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে প্রকৃতি কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয়ের নিদর্শনা প্রদান করা হয়।