আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ ও ভাংবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি মোকাদ্দেস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও বোমা হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ এক অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ ও ভাংবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোকাদ্দেস আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতার সিরাজুল ইসলাম আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে, আহস্যন উল্লাহ কালিদাসপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে ও মোকাদ্দেস আলী ভোগাইল বগাদী গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে। তাদেরকে ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও বোমা হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতার সিরাজুল ইসলাম ও আহসান উল্লাহ রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করেন। তবে, যুবলীগ নেতা মোকাদ্দেস আলীর বিরুদ্ধে এলাকাবাসীর এন্তার অভিযোগ রয়েছে। তার কাছে আগ্নেয়াস্ত্র ও বোমা থাকা অমূলক নয় বলেও অনেকে মন্তব্য করেছেন।