নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মিজানুর রহমান।
সেমিনারে মুক্ত আলোচনায় যোগ দিয়ে নিরাপদ খাদ্য নিয়ে কথা বলেন, চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক আহসান আলম, সাংবাদিক মেহেরাব্বিন সানভি, চুয়াডাঙ্গা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু জোয়ার্দ্দার, প্রমুখ।
সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমাদের সকলের সহযোগীতায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন করতে হবে। তাই খাবার ক্রয়ের সময় বেশ কিছু লক্ষ্য রাখতে হবে। মাছ, মাংস, মুরগি ও ডিম পৃথক ব্যাগে রাখতে হবে। প্যাকেটজাত নয় এমন মশলা ক্রয়ের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। নিরাপদ খাদ্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, প্রমুখ। এছাড়া সেমিনারে অংশগ্রহণ করেন জেলার খাদ্য পণ্য তৈরির ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।