নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভার শুরুতে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর গ্রাম আদালতের বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে বিশদ আলোচনা করা হয়। গ্রাম আদালতের ধারণা ও গ্রাম আদালত সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়াতে নানা সুপারিশ ও পরামর্শ উত্থাপন করা হয়। গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হবে তা নিয়েও উপস্থিত সকলকে অবহিত করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গ্রাম আদালতের পরিধি আরও বাড়াতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহয়তা পায় আইন সংক্রান্ত বিষয়ে, তাই গ্রাম আদালতের প্রচারণাও বাড়াতে হবে। কোনো মানুষ যেন গ্রাম আদালতে যেয়ে হয়রানির শিকার না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ন্যায়বিচারে সহায়ক হতে অঙ্গিকারবদ্ধ গ্রাম আদালত।
সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুর রহমানসহ সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ।