দামুড়হুদা অফিস:
দামুড়হুদার জয়রামপুরে রেলের জমির সরকারি গাছ কাটার পর সংবাদ সম্মেলন করেছে যুবদল নেতা হুমায়ুন কবির ডাবলু। গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাত ৭টার সময় দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী যুবদল নেতা হুমায়ুন কবির ডাবলু।
লিখিত বক্তব্যে গাছ কাটার অভিযোগে অভিযুক্ত হুমায়ুন কবির ডাবলু বলেন, গতকাল মঙ্গলবার স্থানীয় কয়েকটা দৈনিকে আমাকে অভিযুক্ত করে রেলের জমির সরকারি গাছ কাটার সংবাদ পরিবেশন হয়েছে। প্রকৃত পক্ষে আমি কোনো গাছ কাটার ঘটনায় সম্পৃক্ত নয়। স্থানীয় আলি হোসেন নামে যে ব্যক্তি আমাকে জড়িয়ে গাছ কাটার মিথ্যা অভিযোগ করেছে তা সত্য নয়। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হওয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কথা বলেছে। যখন গাছটি কাটা হয়েছে তখন আমি সেখানে ছিলামও না বা সে আমাকে স্ব চোখে দেখেনি। আমি ও আমার পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার পিতা মৃত. রবিউল ইসলাম দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। আমি দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই দুইবার ১নং সদস্য ছিলাম। আমার ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার জন্য আওয়ামীলীগের একটি চক্র আলী হোসেনকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করিয়েছে। ইতিপূর্বে আওয়ামীলীগ ক্ষমতায় থাকা সময় এই আলী হোসেন ওই শিশু গাছটি কাটতে গিয়েছিল এবং আমি তাতে বাধা দেওয়ায় আমার ওপর তার রাগছিল। সে রাগের বহিপ্রকাশ ঘটাতে গিয়ে আমার নামে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। গাছ কাটার বিষয়টি আমি জানতে প্রশাসনকে এবং রেলের কর্মকর্তাদের জানিয়েছি। গাছ কাটার বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমার দৃষ্টি গোচর হবার পর দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কে প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত করলাম।