জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় সজিব (২০) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপর পাশ ভারতীর পুটিখালী থেকে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। আটক সজিব একই উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩-৪ জন যুবক ফেনসিডিল আনার জন্য শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশিসহ ভারতীয় তিন যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি।
তিনি আরও জানান, ভারতীয় বিএসএফ কমান্ডার আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।