জীবননগর অফিস:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে হাসপাতাল চত্বরে মারধর করা যুবদল নেতা ইক্তার রহমানকে বহিষ্কার করা হয়েছে। গতককল সোমবার তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, এ ঘটনায় ওই যুবদল নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এদিকে এই হামলার ঘটনায় জীবননগর থানায় সোমবার সকালে লিখিত অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে পৌঁছালে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান।