আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩ টায় উপজেলা মঞ্চ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে এ অরাজনৈতিক সংগঠনটি। চুয়াডাঙ্গার কৃতি সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তৌহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় যেমন সমস্যা আছে তেমনই সম্ভাবনাও আছে। কিন্ত তিনি বিগত নেতৃবৃন্দকে দায়ি করে বলেন, চুয়াডাঙ্গায় উন্নতির জন্য রাজনৈতিক বৈষম্য রাখা যাবে না। এই বৈষম্যের কারণেই চুয়াডাঙ্গায় কোন উন্নয়ন সাধিত হয়নি। তিনি স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক বিভাজনকে দায়ি করে বলেন, যখনই কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা তাদের মত চলেছে। এখানে সব দলমতের সাথে আলোচনা করে জেলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয়নি। তিনি পার্শ্ববর্তী ছোট্ট জেলা মেহেরপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে এনে বলেন, মেহেরপুরে উন্নয়ন হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গায় হয়নি। কারণ দীর্ঘ বছর একটি দল চুয়াডাঙ্গাকে শাসন করেছে কিন্ত উন্নয়ন করেনি। তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিজ জেলাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব সহকারি অধ্যাপক শেখ সেলিম, সদস্য অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সমাজ সেবক আনিসুজ্জামান জম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, সমাজ সেবক জহরুল ইসলাম, জাহিদুজ্জামান জিসান ও তরিকুল ইসলাম প্রমুখ।