নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে আবু বক্কর সিদ্দীক নামে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের আঠারখাদা গ্রামে এ ঘটনা ঘটে। আবু বক্কর ও তার পরিবারের লোকদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। এই পরিস্থিতিতে শুক্রবার আলমডাঙ্গা থানায় ৮জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আবু বক্কর।
বিবাদীরা হলেন- আঠারখাদা গ্রামের মৃত সুলতানের ছেলে রবিল হোসেন, জয়নাল, বোরহান, জয়নালের স্ত্রী সালেহা খাতুন, আরমান, আকমান, রুকমান ও ফারুক। লিখিত অভিযোগকারী আবু বক্কর একই গ্রামের বাদী সোহরাব খন্দকারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন।
আবু বক্কর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ২৩ শতক জমিতে আমার দাদা থেকে শুরু করে এ পর্যন্ত আমরা বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে বিবাদীরা কিছুদিন ধরে আমাদের জমির মধ্যে তারা কিছু অংশ নিজেদের দাবি করছে। এ নিয়ে বিরোধের জেরে গত বুধবার রাত দেড়টার দিকে বিবাদীরা পরিকল্পিতভাবে রাম দা, লোহার রড ও জি আই পাইপ নিয়ে অতর্কিত আমাদের বাড়িতে প্রবেশ করে হত্যার চেষ্টা চালায়। আমাদের জমিতে নির্মাণাধীন ইটের ঘর ভেঙে ফেলে তারা। এক পর্যায়ে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর বুধবার রাত ১০টার দিকে তারা একইভাবে অস্ত্র নিয়ে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। উচ্চস্বরে আমাদের গালিগালাজ করে এবং হুমকি দিয়ে বলতে থাকে, আবু বক্কর বা তার পরিবারের যাকে যেখানে পাবে, সেখানেই খুন করবে। বিবাদীরা হুমকি, ধমকি দেওয়া চলমান রেখেছে। তারা একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা যেকোনো সময় সুযোগ পেলেই আমাকে বা আমার পরিবারকে হত্যা করতে পারে। এই পরিস্থিতিতে আমরা আতঙ্কে আছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী রবিল হোসেন, জয়নাল ও বোরহান ফোন কল রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন বলেন, আবু বক্করদের প্রতিপক্ষ মৃত সুলতানের উত্তরসূরিদের নিজস্ব কোনো জমি নেই। কিন্তু তারা এলাকার প্রায় ১০০ শতক জমি নিয়ে প্রায়ই মানুষের সঙ্গে অযথা বিরোধ সৃষ্টি করে। আবু বক্কর ও তার পরিবার দীর্ঘদিন জমি ভোগদখল করে আসছেন। মৃত সুলতানের উত্তরসূরিরা সেটা নিজেদের জমি দাবি করে আদালতে মামলা করেছেন। এ নিয়ে আগামী রোববার ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের আদালতে মামলা রয়েছে। বুধবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।