চুয়াডাঙ্গার পাঠকপ্রিয় পরিচ্ছন্ন স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ও মালিকানায় পরিবর্তন এসেছে। পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালনকারী জান্নাতুল আওলিয়া নিশি এবার পূর্ণাঙ্গ প্রকাশকের দায়িত্বে স্থলাভিষিক্ত হয়েছেন।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী স্বাক্ষরিত পত্রিকা প্রকাশকের ঘোষণাপত্রের কপি গ্রহণ করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং-০৫.৪৪.১৮০০.৩০২.৬৩.০১০.২৪-৯৯, তাং-২৯/০১/২০২৫ইং এর ঘোষণাপত্র মোতাবেক নতুন প্রকাশক হিসেবে পত্রিকার দায়িত্ব বুঝে নেন জান্নাতুল আওলিয়া নিশি।
এর আগে, পত্রিকাটির জন্মলগ্ন ২০০৪ সাল থেকে প্রকাশকের দায়িত্ব পালন করে আসছিলেন চুয়াডাঙ্গার বর্ষিয়ান সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক। গত বছরের ৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। এরপর ওয়ারিশসূত্রে দৈনিক আকাশ খবরের প্রকাশক হতে আবেদন করেন তাঁর জ্যেষ্ঠ কন্যা ও সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। আবেদনের প্রেক্ষিতে গতকাল নতুনভাবে প্রকাশকের দায়িত্ব বুঝে পান তিনি।
নতুন দায়িত্ব গ্রহনের পর এক প্রতিক্রিয়ায় সম্পাদক ও প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশি বলেন, সত্য নিষ্ঠায় নিঃশব্দ বিপ্লব ঘটাতে গত ৪ বছরের সম্পাদকের দায়িত্বে থেকে পত্রিকার প্রতিটি সংখ্যায় নিরপেক্ষ ও নির্ভুল সংবাদ পরিবেশনের চেষ্টা ছিল প্রবল। আমরা সবসময় চেষ্টা করি সত্যকে সত্য বলার। বস্তুনিষ্ঠতার সাথে পথ চলতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাদের। তবুও অগণিত প্রিয় পাঠকের চাহিদা পূরণে আকাশ খবর সবসময় বদ্ধপরিকর। আমরা বিশ^াস করি, পাঠককূলই আমাদের বড় শক্তি। সেই শক্তি সঞ্চার করে নতুন দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সামনের দিনগুলো আরও নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে পাড়ি দিতে চাই। এজন্য সকল শ্রেণী পেশার পাঠক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী ও শুভানুধ্যায়ীর সহযোগীতা একান্ত কাম্য।