নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুরে মাকসুদা খাতুন নামে এক নারী আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মহেশপুরের আদমপুর বাজারে জমির সীমানা নির্ধারন নিয়ে নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। জখম মাকসুদা খাতুন বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এসোসিয়েশনের সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমপুর বাজারে আলী নেওয়াজের বাড়ির পশ্চিম পাশে আইনজীবী মাকসুদা খাতুনের স্বামী নাজমুল হোসেন মুন্সীর ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মান করার সময় আহাম্মদ আলীর নির্দেশে ও সাদ্দাম হোসেনের মদদে ৮-৯ জনের স্থানীয় যুবকরা জমিতে অনধিকার প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করার উদ্দেশ্যে হামলা চালায়।
এসময় তার ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাতারিভাবে তার মাথায় কুপিয়ে তাকে গুরুতর ভাবে জখম করে এবং ইট, রড, বেলচা দিয়ে পিটিয়ে বামহাত ভেঙ্গে দেয় এরপর বুট জুতা দিয়ে চটকিয়ে এবং লাথি, কিল, ঘুষি মেরে আঘাত করে তার মেরুদন্ড, কোমর ও বাম পা মারাত্বকভাবে আহত করে। এসময় তার গলায় ব্যবহৃত একটি সোনার চেইন, একটি হাতের সোনার ব্রেসলেট এবং একটি আইফোন ১১ প্রো মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জরুরীভাবে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।