নতিপোতা প্রতিবেদক:
দামুুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী গ্রামে কৃষক জুলফিকার আলী জুলুর (৫৫) এক বিঘা ফলন্ত গম রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। গম চাষি জুলফিকার আলী কালিয়াবকরী গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার সময় কৃষকের জমির সমস্ত গম পুড়া দেখে হতবাক জুলফিকার আলী। ঘটনাটি ঘটেছে কালিয়াবকরী নাপিতগাড়ি নামক মাঠে।
গমচাষি জুলফিকার আলী জানান, এত জ্বালা সইবো কেমন করে। এক বিঘা গম চাষ করতে কি কম খরচ হয়? এমনিতেই গমের ফলন কম হয়। মাঠে গম চাষ নেই বললেই চলে। মনে করলাম এবার গম চাষ করে একটু স্বাবলম্বী হবো। গমের দাম বাজারে সব সময় বেশি থাকে। আর এজন্যই গম চাষ করেছিলাম। কিন্তু গম ঘরে তোলার আগেই দুর্বৃত্তদের বিষ প্রয়োগে সমস্ত জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আগেও আমার দুইটা ফসল পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। কিন্তু এবার যারা গম পুড়িয়েছে আমরা জানতে পেরেছি। আমরা আইনের আশ্রয় নিবো। উপযুক্ত শাস্তির জন্য দামুড়হুদা মডেল থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
গমচাষি আকবার ও খোকন আলী বলেন, বর্তমান বাজারে প্রতিটি দ্রব্যমূল্যর দাম চড়া। বিশেষ করে চাষির ক্ষেত্রে সার,পানি ও কীটনাশক সহ প্রত্যেকটা জিনিসের মূল্য বেশি। একটা চাষ ঘরে তুলতে হলে চাষির অনেক টাকা খরচ হয়। এমনকি ঋণের টাকা দিয়ে চাষ অব্যাহত রাখতে হয়। আর সেসব ফসল ফলানোর আগে যদি দূর্বৃত্তদের হাতে নষ্ট হয়। তাহলে প্রতিটি চাষির রাস্তায় বসে যেতে হবে। তবে ফসল নিয়ে এমন ক্ষতি মানুষের করতে হয় না। যারা এমন কাজ করেছে তাদেরকে তীব্র নিন্দা জানায়।