জীবননগর অফিস:
জীবননগরে ধর্ষণচেষ্টায় বাঁধা দেওয়ায় এক গৃহবধূর (২০) গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশের মাঠে এক কলা বাগানে খড়ি কুড়াতে যান। এসময় একই গ্রামের আশিক (২৮) নামের এক যুবক কলাবাগানের মধ্যেই একটু দূরে কথা বলার জন্য তাকে ডাকেন। এ সময় আশিক তাকে কুপ্রস্তাব দেন। ওই কিশোরী তাতে রাজি না হওয়ায় তার বাম চোখের ওপরে এবং মাথায় কিল ঘুষি মেরে অজ্ঞান করে ফেলেন। পরে ধর্ষণের চেষ্টা করেন।
তারা আরও জানায়, পরবর্তীতে জ্ঞান ফিরে পেলে সে আবার ধর্ষণে বাধা দেন। এ সময় আশিক তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারেন। তারপরও বাধা দেওয়ায় আশিক গলার বাম পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। এ সময় ওই কিশোরীর অবস্থা গুরুতর হলে আশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে জীবননগর ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, আমি ঘটনা শোনামাত্রই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। চিকিৎসককের কাছ থেকে ভিকটিম ও পরিবারের বর্ণনা শুনেছি। তারা ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠিয়েছে। আর ঘটনাস্থলে আমাদের একটি দল গেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।