ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে
খবর | ৭:০৪ অপরাহ্ণ, বৃহঃ, ৫ ফেব্রুয়ারি ২০২৬ 69
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর তত্ত্বাবধানে দুই জেলার ৪টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৭টি উপজেলায় মোট ১৯.৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচনী এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। চুয়াডাঙ্গা জেলায় ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বিজিবি। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজিবি সুত্রে জানাগেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দুই জেলার ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনী এলাকায় নিয়মিত টহল ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করবেন। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে।
অপরদিকে অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। তফসিল ঘোষণার পর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল, রোড ব্লক ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন “ডেভিল হান্ট ফেজ-২”-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে সক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’