জীবননগর অফিস:
সাংবাদিকতা, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে তিন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হবে। আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জীবননগর প্রেসক্লাব ভবনে তাদের সংবর্ধনা দেয়া হবে। প্রমিত বাংলা পরিষদের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে তিন গুণী ব্যাক্তিকে সম্মাননা দেয়া হচ্ছে। আয়োজক কমিটি জানান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চুয়াডাঙ্গা রেল পাড়ার প্রথিতযশা সাংবাদিক আজাদ মালিতা ১৯৭৭ সালে দেশবাংলা পত্রিকার মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর তিনি ১৯৮৫ সালে দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা, বিটিভি, বাংলাদেশ এনা, বাংলাদেশ অবজারভার ও দৈনিক বাংলার বাণী পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৪ বারের সভাপতি নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জীবননগরের প্রাক্তন শিক্ষক আব্দুল হাশেম মাস্টার নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন।১৯৬৮ সালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।১৯৯৭ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০০৫ সালে অবসর নেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জীবননগরের কৃতি ফুটবলার সিরাজুল ইসলাম সিরাজ সম্মাননা পাচ্ছেন। তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা ও খুলনা লীগে ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর কৃতিত্ব অসাধারণ।কুষ্টিয়া জেলা ফুটবলে তিনি একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন।