দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ৩টি চোরাই ছাগলসহ চোরচক্রের সক্রিয় ২ সদসকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। দামুড়হুদার চিৎলা গ্রামের নতুন পাড়ার নিজ বসতবাড়ি থেকে চিহ্নিত দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৯) ও মৃত মোমেন আলীর ছেলে মানিক (২৮)।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চোর চক্রের সদস্যরা ধরা পড়লেও স্থানীয় একটি চক্র মীমাংসা করার চেষ্টা করে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে চিৎলা নতুন পাড়ার বাবলুর চায়ের দোকানের সামনের মেইন রাস্তার উপর থেকে ১টি খয়েরী, ১ টি কালো রং-এর খাসি ও ১ টি কালো রং-এর ছাগলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়রা ঘটনার বিষয়টি দামুড়হুদা মডেল থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম হাওলাদার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে চোরাই ছাগলসহ তাদের গ্রেফতার করে থানায় নেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চোরাইকৃত তিনটি ছাগল আপাতত থানা পুলিশের হেফাজতে রাখা আছে। আগামী রোববার বিজ্ঞ আদালতের আদেশ মতে ছাগল তিনটির বিষয়ে নিষ্পত্তি করা হবে।