আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সোনিয়া খাতুন (২৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার এরশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সোনিয়া খাতুন পৌর এলাকার এরশাদপুর গ্রামের টিটুর স্ত্রী ও উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের ইমান আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, দুই বছর আগে পৌর এলাকার এরশাদপুর গ্রামের হবি উদ্দিনের ছেলে টিটুর সাথে বিয়ে হয় সোনিয়ার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে ঘর বন্ধ দেখে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে প্রবেশ করে আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান টিটু।
স্বামী টিটু বলেন, সকালে মুরগীর খামারে পানি দিতে যায়। ফিরে ঘর বন্ধ দেখতে পায়। প্রতিবেশীদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে সোনিয়াকে ঘরের আড়াই ঝুলতে দেখি। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় টিটু। সোনিয়ার পিতা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ভাবে নির্যাতন করতো। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিক হত্যা।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, এরশাদপুর গ্রামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।