নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজ ও জীবননগর ডিগ্রী কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজ ৩-০ গোলে জীবননগর ডিগ্রী কলেজকে পরাজিত করে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযাগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টের জেলার চারটি উপজেলার মোট ১৭টি কলেজ অংশ গ্রহন করে। চলতি মাসেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায়ে খেলবে।
ফাইনাল খেলায় মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরস্কার বিতরনী করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, জেলা ক্রীড়া সংস্থারর সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্দ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু ও ফুটবল খেলোয়াড় ছিলেন। বক্তারা আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে মুক্ত রাখতে খেলাধূলা ও সাংস্কৃতিকের বিকল্প নেই। আর খেলার মাঠে দর্শক আনতে আয়োজকদের অনুরোধ জানান।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজকে চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ হাজার টাকার প্রাইজমানি ও রানার্সআপ জীবননগর ডিগ্রী কলেজ দলকে ট্রফি ও ১৫ হাজার টাকার চেক পুরস্কৃত করা হয়।